Pages

Friday, September 17, 2010

ভিক্ষুকের বিলাসী জীবন

আশপাশের কক্ষগুলোয় বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরাই বাস করেন। পাঁচ তারকা হোটেল বলে কথা! অল্পবিস্তর টাকা-পয়সার মালিকরা সেখানে থাকার কথা কেবল কল্পনা করেন। বিশাল খরচের কথা ভেবে কখনো থাকা হয়ে ওঠে না। আর দরিদ্ররা তো সেখানে থাকার বিষয়টি কল্পনাতেও স্থান দিতে সাহস পায় না। তবে ব্যতিক্রমী খবর হলো, ভিক্ষুকরাও থাকে পাঁচ তারকা হোটেলে। বিলাসবহুল হোটেলে থাকা-খাওয়ার খরচ মেটায় ভিক্ষা করেই। এর পরও থাকে উদ্বৃত্ত!
হ্যাঁ, ভিক্ষাবৃত্তির অপরাধে দুবাইয়ের পুলিশ এক ব্যক্তিকে আটক করে। পরে খোঁজ নিয়ে জানতে পারে, ওই ভিক্ষুক স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে বাস করে। সেখানে থেকেই সে ভিক্ষাবৃত্তি চালিয়ে আসছিল। দুবাই পুলিশের পর্যটক নিরাপত্তা বিভাগের পরিচালক মোহাম্মদ রশিদ আল মুহাইরি এ কথা জানিয়েছেন। তিনি জানান, এর আগে ওই ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু উচ্চ আয় দেখে আবার পর্যটক ভিসায় দুবাইয়ে আসে। মুহাইরি ভিক্ষুকের নাম-পরিচয় প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, ভিক্ষুকটি এশীয়।
দুবাইয়ের স্থানীয় পত্রিকা খালিজ টাইমস গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পুলিশের পরিচালক আল মুহাইরির বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ভিক্ষা করার অপরাধে এ বছর রমজান ও ঈদে দুবাইয়ে ৩৬০ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ভিক্ষুকদের অধিকাংশই এশীয়। এ ছাড়া কিছু আরবও রয়েছে।
দুবাই পুলিশ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ঠেকাতে তারা গত মাস থেকে অভিযান জোরদার করেছে। ভিক্ষুকদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Ref: Daily Kaler Kantho/ 17 September 2010

No comments:

Post a Comment